সড়ক বিভাজনের মাঝখানে কয়েক হাত পরপর সাজিয়ে রাখা বেশ কটি ক্রিকেটারের কাঠের মূর্তি। আছে মহিলা বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বে অংশ নেওয়া দেশগুলোর পতাকাসংবলিত হোর্ডিং। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের রাস্তা দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত। নয় মাস আগে এভাবেই মিরপুর সেজে উঠেছিল বিশ্বকাপের সাজে। তবে গত ফেব্রুয়ারির মতো অতটা না হলেও মিরপুর অনেক সেজেছে। কাল থেকে এখানে শুরু হচ্ছে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব।
বিশ্বকাপ বাছাইয়ে দুটি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, হল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, জাপান ও স্বাগতিক বাংলাদেশ। এখান থেকে সেরা চারটি দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে যোগ দেবে ২০১৩ সালে ভারতে অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। বাছাইপর্বের সেরা চার দলের শীর্ষ দুই দল টিকিট পাবে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের। যেহেতু শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলারও যোগ্যতা অর্জন করেছে, তাই এই দুই দলের কোনোটি শীর্ষে থাকলে সুযোগ পাবে ক্রমানুযায়ী তাদের নিচের থাকা দল।
ওয়ানডে স্ট্যাটাস আছে শুধু দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও হল্যান্ডের। এই ছয় দল একে অপরের মুখোমুখি হলে তাদের ম্যাচগুলো ওয়ানডে হিসেবেই বিবেচিত হবে। আর টুর্নামেন্টের সেরা ছয় দল পাবে ওডিআই স্ট্যাটাস অথবা সেগুলো ধরে রাখবে।
মেয়েদের এই ক্রিকেট মহাযজ্ঞের জন্য সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ। কাল এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানালেন, ‘এটি মেয়েদের ক্রিকেট বলে এর গুরুত্ব কম, সেটা আমরা মনে করি না। ছেলেদের বিশ্বকাপ ক্রিকেট যেভাবে আয়োজন করেছি মেয়েদেরটাও সেভাবেই করব।’ মেয়েদের ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার এটাও একটা বড় সুযোগ বলে মনে করছেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে মেয়েদের একটি আলাদা ক্রিকেট একাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিসিবির সভাপতি।
এত বড় একটা আয়োজন, অথচ দর্শকদের জন্য গ্যালারি থাকবে একেবারেই উন্মুক্ত। রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের খেলা দেখতে এরই মধ্যে আমন্ত্রণও জানানো হয়েছে। মিরপুর শেরেবাংলা, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন চারটি করে খেলা হবে। মিরপুরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায়। দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘আসুন, মাঠে এসে খেলা দেখুন।’ মাঠে দর্শক আনার জন্য লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ারও ব্যবস্থা রেখেছে বিসিবি।
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুত আয়োজক বাংলাদেশ। কিন্তু মূল পর্বে ওঠার জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ মহিলা দল? প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে টানা হার সালমাদের সাফল্যের ছবি আঁকতে পারছে না। তবে আশা ছাড়ছেন না বাংলাদেশের মেয়েরা। অলরাউন্ডার শুকতারার কথা, ‘আমরা প্রস্তুতি ম্যাচে শুধুই হেরেছি। এ জন্য এখন আমাদের মধ্যে জেদ কাজ করছে।’ জেদটা মাঠে জয়ে অনূদিত হবে? প্রশ্ন সেটাই।
http://www.prothom-alo.com/detail/da...13/news/200510