তামিম হোটেলে দল চণ্ডিগড়ে
রেটিং :
2.38%
গড় রেটিং:
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ পুনে ওয়ারিয়র্সের খেলা। খবরটি শুনলেই যে প্রশ্নটি সবার আগে চলে আসবে, তার উত্তর হচ্ছে 'না'। এ ম্যাচেও পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলা হচ্ছে না বাংলাদেশি দূত তামিম ইকবালের। তাকে পুনের হোটেলে রেখেই সৌরভ গাঙ্গুলি দল নিয়ে চণ্ডিগড় গেছেন কাল। সেখানে দলের সঙ্গে আসা নতুন বিদেশি ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস গেলেও নেই তামিম ইকবাল। তার সঙ্গে আরেক বিদেশি অ্যালফেন্সো থমাসকেও হোটেলে রেখে যাওয়া হয়েছে। ভারতীয় মিডিয়ার খবর_ পুনে ওয়ারিয়র্সে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে তামিমকে। তাদের প্রথম পছন্দের বিদেশি ওপেনার নিউজিল্যান্ডের জেসি রাইডার। তিনি যতদিন সৌরভ গাঙ্গুলির সঙ্গে ব্যর্থ্য না হন, ততদিন তামিমকে এভাবেই হোটেলে বসে দলের খেলা দেখতে হবে। কিন্তু এভাবে বসে থাকতে কি কারও ভালো লাগে? ব্যাপারটি আঁচ করতে পেরেই চণ্ডিগড় রওনা দেওয়ার আগে একদিন তামিমকে নিয়ে ডিনার করিয়েছিলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এ মুহূর্তে টানা দুটি ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা গাঙ্গুলি তামিমকে বোঝাতে পেরেছেন, দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাচ্ছেন না তিনি। সে কারণেই তামিমকে অপেক্ষা করতে হচ্ছে। তবে এখনও আসরের ১৪টি ম্যাচ বাকি। তামিম তাই ম্যাচ খেলার আশা ছাড়ছেন না। পুনে ওয়ারিয়র্সের নতুন স্টেডিয়ামে প্রতিদিন অনুশীলন করছেন আর সময় পেলেই সাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন।
পুনে ওয়ারিয়র্সের টেন্টে আছেন ৩০ জন ক্রিকেটার। দলের সঙ্গে মুভ করতে পারেন মাত্র ১৭ জন। বাকিদের হোটেলেই রেখে যাওয়া হয়। প্রথম ম্যাচের সময় দলের সঙ্গে মুম্বাই নিয়ে যাওয়া হলেও এরপর থেকেই হোটেলে রাখা হচ্ছে তামিমকে। তবে টেন্টে থেকেও তামিম নিজের পেশাদারিত্বের পরিচয় রেখে যাচ্ছেন। কোনো অভিযোগ নেই তার না খেলার জন্য। কলকাতার একটি দৈনিকের খবর, পুনে ওয়ারিয়র্স যেভাবে একের পর এক ম্যাচ জিতে চলেছে, তাতে দ্বিতীয় রাউন্ডে ওঠার টার্গেট করেছেন সৌরভ গাঙ্গুলি। আর এ জন্য অন্তত আটটি ম্যাচ তাদের জিততে হবে। সেটি নিশ্চিত হয়ে গেলে দল নিয়ে কিছু পরীক্ষা চালাবে ওয়ারিয়র্স। সেখানে হয়তো ঘুরিয়ে- ফিরিয়ে অনেককে খেলানো হবে। তামিমকে খেলানো নিয়ে ভারতীয় মিডিয়ায় তেমন কথা না উঠলেও সাকিবকে নিয়ে ঝড় উঠে গিয়েছিল। শেষ ম্যাচটিতে সাকিবকে নামানোয় কলকাতার দৈনিকগুলোতে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের প্রশংসা করা হয়েছে।