আন্তর্জাতিক ক্রিকেট থেকে খালেদ মাসুদের বিদায়
ঢাকা, ২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শেষ হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে খালেদ মাসুদ পাইলট অধ্যায়। অবসরের সিদ্ধান্তটা তিনি গত বৃহস্পতিবারই (২৫ সেপ্টেম্বর) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে তার সঙ্গে আলোচনার পর রোববার মাসুদের অবসর অনুমোদন করেছে বোর্ড। অর্থাৎ দেশের ইতিহাসের সেরা উইকেটকিপার এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কার্যকর হয়ে গেল এদিন থেকেই। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি খেলবেন। আসন্ন জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগীয় দলকে নেতৃত্বও দেবেন।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মুহূর্তটায় তার বেশ কষ্ট হচ্ছে, "এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি। খুব খারাপ লাগছে।" এই খারাপ লাগার কিছুটা মাঠ থেকে বিদায় নিতে না পারার জন্য । প্রচার আছে, মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে দেওয়া চিঠিতে অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জানালেন সেটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়,"আমি তো কারো দয়া-মায়ায় কখনো ক্রিকেট খেলিনি। সবসময় নিজের যোগ্যতাতেই খেলেছি। ওরকম কোনো অনুরোধ আমি করিনি।" তবে আইসিএল-ঝড় পরবর্তী দলে ডাক পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু ডাক না পাওয়াতেই অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেছে তার কাছে, "আমি ভেবেছিলাম আমাকে ডাকা হবে। সেটা না পাওয়াতেই বুঝে গেছি আমার আর সুযোগ নেই। আমি আর বিষয়টা ঝুলিয়ে রাখতে চাইনি।"
|